|
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) আয়োজিত বাংলাদেশ আর্কসামিট ২০২৬ ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ‘কো-ক্রিয়েটিং সিটিজ ফর অল’ শিরোনামে আয়োজিত এই সম্মেলনে স্থপতি, শিক্ষাবিদ, শিক্ষার্থী, নগর প্রশাসনের প্রতিনিধি, নীতিনির্ধারক ও নির্মাণশিল্পের পেশাজীবীরা অংশ নেন। সম্মেলনের মূল আয়োজন চলে ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত। এর সঙ্গে যুক্ত আইএবি বিল্ড এক্সপো ২০২৬-এর উদ্বোধন হয় ৮ অক্টোবর। নগর উন্নয়ন, স্থাপত্যচর্চা এবং ভবিষ্যতের শহর গঠনে পারস্পরিক সহযোগিতা বাড়ানো ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য। |
| আইএবি বিল্ড এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান (ছবিসূত্র: সোশ্যাল মিডিয়া, আইএবি) |
|
আর্কসামিটের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল স্থাপত্যশিক্ষাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। ৯ অক্টোবর অনুষ্ঠিত এই সম্মেলনের শিরোনাম ছিল ‘রিথিংকিং আর্কিটেকচারাল এডুকেশন ফর ফিউচার প্র্যাকটিস’। প্রযুক্তির ব্যবহার, শিক্ষাক্রমের উন্নয়ন, দেশজ জ্ঞান, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত দায়িত্ব এবং শিক্ষার সঙ্গে বাস্তব পেশাগত কাজের সম্পর্ক নিয়ে এখানে আলোচনা হয়। ভবিষ্যৎ স্থপতিদের সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ করে তুলতে স্থাপত্যশিক্ষায় নতুন চিন্তা ও পরিবর্তনের প্রয়োজনীয়তা আলোচনায় উঠে আসে। |
‘রিথিংকিং আর্কিটেকচারাল এডুকেশন ফর ফিউচার প্র্যাকটিস’ শিরোনামে প্যানেল আলোচনা (ছবিসূত্র: স্থাপত্য ও নির্মাণ) |
|
সম্মেলনের অন্যতম আয়োজন ছিল ‘মেয়রস টকস’, যেখানে বাংলাদেশ ও অন্যান্য দেশের নগর প্রশাসনের প্রতিনিধিরা স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের সাথে মতবিনিময় করেন। নগর পরিচালনা, অবকাঠামো, জনপরিসর এবং পরিবেশবান্ধব শহর গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার কলম্বো মিউনিসিপ্যাল কাউন্সিলের মেয়র ভ্রাই ক্যালি বালথাজার, ফিলিস্তিনের রামাল্লাহর ডেপুটি মেয়র মাজেদ জামাল আমিন আবদুলফাত্তাহ এবং নেপালের ললিতপুরের মহালক্ষ্মী পৌরসভার ডেপুটি মেয়র লক্ষ্মী মহার্জন। বাংলাদেশের বিভিন্ন সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং অন্যান্য নগর উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরাও আয়োজনে যুক্ত হন। |
| বাংলাদেশ আর্কসামিট ২০২৬-এর অন্যতম আয়োজন "মেয়রস টক" (ছবিসূত্র: সোশ্যাল মিডিয়া) |
|
সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত আইএবি বিল্ড এক্সপো ২০২৬ প্রদর্শনীতে নির্মাণ উপকরণ, ইন্টেরিয়র ডিজাইন সামগ্রী, আসবাবপত্র, ও বিভিন্ন ধরণের নির্মাণপ্রযুক্তি তুলে ধরা হয়। এই উদ্যোগটি ছিল নির্মাণ উপকরণ প্রস্তুতকারক, আমদানিকারক, সরবরাহকারী এবং প্রতিষ্ঠানগুলোর জন্য নিজেদের পণ্য ও প্রযুক্তি তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। প্রদর্শনীর সঙ্গে নির্মাণশিল্পবিষয়ক আলোচনা, প্যানেল আলোচনা এবং অন্যান্য আয়োজনও যুক্ত ছিল। |
| আইএবি বিল্ড এক্সপো ২০২৬ (ছবিসূত্র: সোশ্যাল মিডিয়া, আইএবি) |
|
আর্কসামিটে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আরবান ডিজাইন হ্যাকাথন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আরবান ডিজাইন হ্যাকাথনে প্রথম পুরস্কার অর্জন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য বিভাগ। অন্যদিকে, কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগ। |
|
এছাড়াও বিভিন্ন বিষয়ে স্থপতিদের আলোচনা, নবীন স্থপতিদের কাজ উপস্থাপন, নির্মাণশিল্পবিষয়ক বক্তব্য-এর আয়োজন করা হয়েছিল। এসব আয়োজনের মাধ্যমে স্থাপত্যচর্চার নতুন ধারণা, পেশাগত অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্থপতিদের কাজ তুলে ধরার সুযোগ তৈরি হয়। |
|
বাংলাদেশ আর্কসামিট ২০২৬ স্থাপত্য, নগর প্রশাসন, শিক্ষা ও নির্মাণশিল্পের বিভিন্ন ক্ষেত্রের মানুষের মধ্যে মতবিনিময় ও যোগাযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। সম্মেলনের আলোচনা ও আয়োজনগুলোতে স্পষ্ট হয়েছে, ভবিষ্যতের শহর গড়ে তোলার জন্য শুধু ভালো স্থাপত্য নকশাই যথেষ্ট নয়; প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন, কার্যকর প্রশাসন, পরিবেশের প্রতি দায়িত্ব এবং মানুষের অংশগ্রহণ। স্থপতি, পরিকল্পনাবিদ, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, নির্মাণশিল্প ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই আরও বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলা সম্ভব। |