স্থপতি মেরিনা তাবাসসুম পেলেন ২০২৬ সালের Richard Neutra Award for Professional Excellence

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
১৯ নভেম্বর, ২০২৬
১
স্থপতি মেরিনা তাবাসসুম পেলেন ২০২৬ সালের Richard Neutra Award for Professional Excellence

বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম ২০২৬ সালের Richard Neutra Award for Professional Excellence অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত California State Polytechnic University, Pomona (Cal Poly Pomona)-এর Department of Architecture প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। ২০২৬ সালের আয়োজনটি এই পুরস্কারের ৩১তম সংস্করণ। স্থাপত্য গবেষণা, নকশা এবং মানুষের বসবাস, কাজ ও দৈনন্দিন জীবনের উপযোগী পরিবেশ তৈরিতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।

২০০৫ সালে স্থপতি মেরিনা তাবাসসুম ঢাকায় Marina Tabassum Architects (MTA) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির কাজের একটি উল্লেখযোগ্য দিক হলো, প্রতিটি প্রকল্পের নকশা সংশ্লিষ্ট স্থান ও মানুষের প্রয়োজন অনুযায়ী তৈরি করা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়েও প্রতিষ্ঠানটি গবেষণা করে। তাঁর উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকার বায়তুর রউফ মসজিদ, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ও জাদুঘর,  এবং খুদি বাড়ি। ২০২৫ সালে লন্ডনের Serpentine Galleries-এর বার্ষিক প্যাভিলিয়ন নকশার জন্য নির্বাচিত হন এবং ‘A Capsule in Time’ শিরোনামের একটি প্যাভিলিয়ন নির্মাণ করেন।

স্থাপত্যচর্চার পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে শিক্ষকতা ও বক্তৃতায় অংশ নিয়েছেন। তাঁর প্রাপ্ত উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতির মধ্যে রয়েছে ২০১৬ সালে বায়তুর রউফ মসজিদের জন্য আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার, ২০১৮ সালে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম আয়োজিত Jameel Prize, ২০২১ সালে Soane Medal ও Arnold W. Brunner Memorial Prize এবং ২০২৩ সালে UIA-র Vassilis Sgoutas Prize। ২০২৪ সালে TIME সাময়িকীর বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও তাঁর নাম অন্তর্ভুক্ত হয়।


প্রতিবেদকঃ স্থপতি মুনিয়া আহমেদ মিম।

আপনার মতামত দিন

০ কমেন্ট

Logo
Logo
© 2026 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.